ইউনিসেফ এবং গ্যাভির সহযোগিতায় হাম-রুবেলার ১৫ লাখ ও টিটেনাসের ৯০ হাজার ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে এসেছে।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি কার্গোতে এ টিকাগুলো বিমানবন্দরে এসে পৌঁছায়।
এই টিকা চলমান নিয়মিত টিকাদান কর্মসূচির সংকট নিরসনে কাজ করবে। সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় এই চালানটি জরুরি ভিত্তিতে আনা হয়েছে। এছাড়াও নিয়মিত স্টকের টিকাগুলো ‘জরুরি ক্যাম্পেইনে’ ব্যবহার করায় টিকার সংকট তৈরি হয়।
পরে ইউনিসেফের প্রতিনিধি মিস রানা ফ্লাওয়ার্স এর কাছ থেকে তা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, মাত্র ২৪ দিনের মধ্যে এই ভ্যাকসিন চালান দেশে পৌঁছানো একটি রেকর্ড। আগামী ১০ মের মধ্যে আরও ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে বলেও জানান তিনি। এতে করে প্রায় এক বছর ভ্যাকসিনের কোনো ঘাটতি থাকবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এছাড়া এখন পর্যন্ত টিকাদান কর্মসূচির ৯৩ শতাংশ লক্ষ্য অর্জন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হামের টিকায় কোনো অব্যবস্থাপনা নেই। পরিস্থিতি অবনতি হলে তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, গত ৩ মে ইউনিসেফ প্রথম চালানে ১৫ লাখের বেশি আইপিভি ভ্যাকসিন সরবরাহ করেছিল।