সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।’
তিনি বলেন, ‘কোরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে। কোরবানিকে ঘিরে সরকারের কাছে চাঁদাবাজির তথ্য রয়েছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।’
এ সময় চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে ফোন দেওয়ার অনুরোধও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে।’
তিনি আরও বলেন, ‘ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য।’
সালাহউদ্দিন আহমদ জানান, পশুর হাট উত্তর সিটি করপোরেশন এলাকায় হবে ১৫টা আর দক্ষিণ সিটি করপোরেশনে হবে ১১টা। এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ এবং বিকিএমইএ এ বিষয়ে রাজিও হয়েছে।’