দীর্ঘ ২২ বছর পর আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সরকারি সফরকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশেষ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙিয়েছেন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড।
সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে- সরকারের অগ্রাধিকারভুক্ত খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। এছাড়া স্থানীয় উন্নয়ন প্রকল্প নিয়েও বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।