ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড। বিশেষ করে নৌকা বা ট্রলার থেকে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে ওঠানামা বন্ধে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।
সদরঘাট লঞ্চ টার্মিনালে শনিবার (২৩ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের পরিচালক ক্যাপ্টেন এম সাইফুল ইসলাম ও জোনাল কমান্ডার ইমতিয়াজ হোসেন।
মহাপরিচালক জানান, ঈদকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষ নদীপথে রাজধানী ছাড়ে। তাই সদরঘাটসহ গুরুত্বপূর্ণ লঞ্চঘাটগুলোতে যাত্রীদের নিরাপদ আরোহন ও অবতরণ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে যৌথভাবে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), লঞ্চ মালিক সমিতি, নৌ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, অতীতে অসচেতনতার কারণে ছোট নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠানামার সময় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এসব ঝুঁকি প্রতিরোধে এবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তিনি আরও জানান, শুধু লঞ্চঘাটেই নয়, পুরো নদীপথে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। যাত্রীবাহী লঞ্চের পাশাপাশি পশুবাহী নৌযান ও গরু পরিবহনেও নজরদারি রাখা হচ্ছে, যাতে যাত্রাপথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
আবহাওয়ার অনিশ্চয়তার বিষয়েও সতর্ক রয়েছে কোস্ট গার্ড। ডিজি বলেন, সম্ভাব্য দুর্যোগ বা প্রতিকূল আবহাওয়ার বিষয়ে লঞ্চ মালিক, চালক ও সংশ্লিষ্টদের আগাম সতর্ক করা হচ্ছে। তিনি বলেন, শুধু বাহিনীর পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনসচেতনতা বাড়লে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।