পবিত্র ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ। রোববার (২৪ মে) অফিস শেষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকেই শুরু হচ্ছে ঈদুল আজহার টানা ছুটি। যা চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
গত ১৪ মে ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে জরুরি পরিষেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৮ মে ঈদুল আজহার তারিখ ধরে ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা করা ছিল। ওই তালিকা অনুযায়ী ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে এই ছুটি ঘোষণা করা ছিল। তবে অতীত অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণার পাশাপাশি ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে একদিন অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী শনিবার (২৩ মে) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা ছিল। তবে আজ (রোববার) অফিসগুলোয় শেষ কর্মদিবস হওয়ায় আগামীকাল (সোমবার) থেকে ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শুরু হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হবে।