দেশ-বিদেশে আলোচনা-সমালোচনার মধ্যে অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানির বদলে ঠাঁই হয়েছে জাতীয় চিড়িয়াখানায়। দেয়ালবন্দি মহিষকে দেখতে ঈদুল আজহার দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় শিশু-কিশোরসহ দর্শনার্থীদের তীব্র ভিড় দেখা গেছে। কেউ ছবি তুলেছেন আবার কেউ দূর থেকে সেলফি তুলছেন। এখন চিড়িয়াখানান মূল আকর্ষণ হয়ে উঠেছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, তীব্র আর ভ্যাপসা গরম উপেক্ষা করে সকাল ১০টা থেকেই ভিড় বেড়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। তবে অনেকের মুখেই চিড়িয়াখানার কর্মীদের বলতে শোনা যাচ্ছিল, ট্রাম্প কোন দিকে। চিড়িয়াখানার কর্মীরাও দেখিয়ে দিচ্ছেন।
বাউন্ডারির বাইরে থেকে দর্শনার্থীরা ছবি তুলছেন, ট্রাম্প বলে ডাকছেন, কেউ কেউ দুষ্টামির ছলে একে অপরকে বলছেন, ‘ট্রাম্পকে দেখে আমেরিকার ভিসা পাক্কা!’
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, মূলত মহিষটি প্রদর্শনের জন্য নিয়ে আসা না হলেও নির্দিষ্ট দূরত্বে থেকে দর্শনার্থীরা অবশ্যই দেখার সুযোগ পাচ্ছেন।