পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হলো গতকাল (রোববার)। সোমবার (১ জুন) সকাল থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। তাই ছুটি শেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে কর্মস্থলে ফিরছেন মানুষ।
এদিন থেকে ব্যাংকের লেনদেন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। এছাড়া বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে। পাশাপাশি এদিন দেশের দুই শেয়ারবাজারের লেনদেন কার্যক্রমও শুরু হবে।
সকাল ১০টা-বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এছাড়া ডিএসই ও সিএসইতে স্বাভাবিক নিয়মে লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় গত ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ছিল। মূলত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা এই ছুটি পান। ছুটি শেষে আজ থেকে আবারও কর্মচঞ্চল হবে অফিস-আদালত।
যদিও নির্ধারিত ছুটির বাইরেও অনেকেই আরও একাধিক দিন অতিরিক্ত ছুটি নেন। ফলে অফিস খুললেও প্রথম দু-এক দিন ছুটির আমেজই থাকে। ধারণা করা হচ্ছে, এ সপ্তাহজুড়ে একধরনের ছুটির আমেজ থাকবে।
সব মিলিয়ে আগামী সপ্তাহের রোববার থেকে পুরোদমে প্রাণ ফিরবে অফিস-আদালতে।
এদিকে পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষ করে দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে লোকজন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এ কারণে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় মানুষ ও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। রোববার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকায় ফেরা মানুষের চাপ দেখা গেছে।