অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ চিড়িয়াখানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘এটা নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারত, যা আমাদের কাম্য নয়। তাই রাষ্ট্রীয় সিদ্ধান্তে মহিষটিকে চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।’
এর আগে, জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষটির পরিচিতি ফলকে ভুল নাম ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত গড়ায়। শুধু বানান ভুল নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি মহিষের নাম সরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী বোর্ডে বহাল রাখা নিয়েও আপত্তি ওঠে। এ দুটি বিষয় মিলিয়ে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ফলক পরিবর্তন করে মহিষটির নাম ‘সাদা মহিষ’ হিসেবে প্রদর্শন করা শুরু হয়।