ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। বুধবার (৩ জুন) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, আহতদের মাঝে তিন জন সাকেতের ম্যাক্স হাসপাতালে ও বাকি দুইজন সফদারজাং হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় শোক প্রকাশ করে হাইকমিশন আরও জানায়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আহ্যতদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে, বুধবার সকালে দিল্লির মালভিয়া নগরের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগে। এ ঘটনায় ১০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রশাসন চারজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেছেন, নিহতের সংখ্যা ২১ জন এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।