ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অধিবেশন শুরুর পর এ বাজেট উপস্থাপন শুরু করেন তিনি।
এর আগে সকালে মন্ত্রিপরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় এ বাজেট অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এদিন সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে জাতীয় বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পূর্বে রীতি অনুযায়ী এই বিশেষ সভায় জাতীয় বাজেট অনুমোদন করা হয়।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর বিএনপি জন্য এটি প্রথম জাতীয় বাজেট। সরকারের লক্ষ্য আগামী অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা। এই লক্ষ্য অর্জনে বাজেটে ১০টি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।