বাজেট ২০২৬-২৭
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যে মানুষের কল্যাণের কথা বিবেচনায় নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।
এবারের বাজেটে যে কয়টি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে তার মধ্যে অন্যতম নারীদের জন্য ‘পিংক বাস সার্ভিস’।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নারীদের যাতায়াত সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে পিংক বাস চালু করবে সরকার।
জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, ‘কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারিত করা হচ্ছে।’
পিংক বাস সার্ভিসের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘সম্পূর্ণ নারী-পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে।’ এসময় নারী সংসদ সদস্যরা হাত তালি দিয়ে অভিবাদন জানান।