পরিবারকে দিলেন আর্থিক সহায়তা
জুলাই আন্দোলনের শহিদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানোর পাশাপাশি শহিদ ওয়াসিমের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা গ্রামের মোরারপাড়া কবরস্থানে গিয়ে শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ওই সময় তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি।
পরে শহিদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানোর পাশাপাশি তার বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর নেন এবং শহিদ ওয়াসিমের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
শহিদ ওয়াসিমের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, স্থানীয় সরকার ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় নিহত হন মোহাম্মদ ওয়াসিম। চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।