বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তারা সড়কের ওপর অবস্থান নেয়। এতে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে রেখেছেন গার্মেন্ট শ্রমিকরা। এর ফলে সড়কটির উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে, ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান। সেগুলো হলো—
১. গত মে মাসের বেতন।
২. ২০২৫ সালের ছুটির টাকা।
৩. ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।
৪. নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
৫. শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৬. শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
৭. শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।