জাতীয় সংসদে সভাপতির প্রতি ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা কার্যপ্রণালি বিধিতে আর নেই বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বৈঠকের শুরুতে তিনি এ সিদ্ধান্ত জানান।
স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধির ২৬৭(১) অনুযায়ী সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ বা প্রস্থান এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে, ২০০৬ সালে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি পরীক্ষা করে দেখেছি, অষ্টম জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছিল, যা পরে ২৬ সেপ্টেম্বর প্রতিবেদনটি সংসদে বিবেচিত ও গৃহীত হয়, যেখানে ২৬৭(১) বিধির সংশোধনী অন্তর্ভুক্ত ছিল।
প্রসঙ্গত, গত ১৬ জুন জামায়াতে ইসলামীর এমপি মো. মুজিবুর রহমান স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনুরোধ জানান। এর মাধ্যমে জাতীয় সংসদে সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করা হয়েছে।