স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার (১৯ জুন) বিএনপির মিডিয়া সেলে জেলা প্রশাসকের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনঃ গণশুনানি করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
এর আগে, ইউনিয়ন দুটির নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়।
সোমবার জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় একটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ি’ নামে, যা তার বংশের নামের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
এ সময় সংসদে ব্যক্তিগত ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘মোকামতলা উপজেলার সৈয়দপুর ও দেউলি ইউনিয়ন আকারে অনেক বড় ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন নাম নির্ধারণ করেছে। সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে গাইবান্ধা জেলার কাছাকাছি এবং তুলনামূলক দূরবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় অন্য ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’।’
প্রসঙ্গত, সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। পরে গেজেট প্রকাশের পর নতুন তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
নতুন কাঠামো অনুযায়ী শিবগঞ্জ উপজেলায় গঠিত ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।