রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই উদ্বেগের কথা জানান।
এলাকার নিরাপত্তা ও জনদুর্ভোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি নিজেই বিগত দিনে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ৪৮ ঘণ্টার মধ্যে সেই সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে।’
প্রতিমন্ত্রী বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, সাধারণ মানুষকেও এখানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে আরও উন্নয়ন প্রয়োজন।
মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নুরুল ইসলামের সন্ত্রাসী হামলা বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ-সংক্রান্ত কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
গ্যাস সংকট প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, এটি শুধু মোহাম্মদপুরের নয়, সারা দেশের একটি সমস্যা। তবে যেসব এলাকায় সরকারি অনুমোদন অনুযায়ী গ্যাস সরবরাহের ব্যবস্থা রয়েছে, সেখানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।