ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার। সোমবার (২২ জুন) দুপুরে তিনি নিজেই গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
বদিউজ্জামান তপাদার জানান, গত ২ জুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগপত্রটি এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।
পদত্যাগপত্রে তিনি বলেন, ‘২০২৪-এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর আগস্ট মাসে আমাকে বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। আমাকে নিয়োগ দেয়ায় নাম প্রস্তাব ও সুপারিশকারীরাসহ সংশ্লিষ্টদের প্রতি হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নিজেকে সম্মানিত মনে করছি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদানের পর থেকে আমি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলাম। বর্তমানে আমার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে আমি পদত্যাগপত্র দাখিল করিলাম।’
২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য মো. বদিউজ্জামান তপাদারসহ বেশ কয়েকজন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।