প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে আবেদন করা যাবে। তবে পর্যায়ক্রমে অন্যান্য শহরের ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এই কার্যক্রম চালু হবে।
তিনি আরও বলেন, মেডিকেল ভিসার প্রক্রিয়া চলমান রয়েছে। এর পরিধি আরও বাড়ানো হবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে আমরা মেডিকেল ভিসার সুবিধা অব্যাহত রাখব।
এর আগে, বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্যদিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরুর পর রাজধানীর বারিধারার প্রগতি সারণির যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনে আসেন দিনেশ ত্রিবেদী। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে সবগুলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়।
পরবর্তীতে চালু হলেও, নিরাপত্তা শঙ্কার কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত মূল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি গত বছরের ১৭ ডিসেম্বর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও ১৮ ডিসেম্বর ঢাকা কেন্দ্রটি আবার আংশিক চালু হয় এবং এর পরিবর্তে খুলনা ও রাজশাহীর কেন্দ্র বন্ধ করা হয়েছিল।
সে বছরের ২১ ডিসেম্বর চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনে একটি অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা ঘটনার পর চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটির সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ স্থগিত করা হয়।