পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই কর্তৃপক্ষ বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য ই-মেইলে জানিয়ে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলেছিল। তবে বাংলাদেশ সরকার মাত্র তিন দিনের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব নথি ইউএই সরকারের কাছে পাঠিয়েছে।
তিনি বলেন, আমাদের দূতাবাস কাগজপত্র ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। আশা করছি, খুব শিগগিরই তারা আমাদের জানাবে।’
বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন বলে যে আলোচনা রয়েছে সে বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এখনো ইউএই সরকারের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছি। আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি ফেডারেল পুলিশের হেফাজতেই রয়েছেন। এর বাইরে অন্য কোনো তথ্য আমাদের কাছে নেই।
এদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। আমরা আশা করছি, তাদের দেশে ফিরিয়ে এনে তদন্ত সম্পন্ন করে যথাযথভাবে চার্জশিট দাখিল করা সম্ভব হবে।’