মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে, মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার রাত পৌনে ৮টায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদ সদস্য ও দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।
এ ছাড়া বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বিভিন্ন চীনা প্রতিষ্ঠান ও অংশীজনের মধ্যে আরও তিনটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া বর্তমানে দুই দেশের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যেও একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে তিন চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।