থাইল্যান্ডে ১৭ বছর বয়সী এক কিশোরীকে হত্যার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নগ্ন অবস্থায় ওই কিশোরীর মরদেহ একটি স্যুটকেসের ভেতর থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪৬ বছর বয়সী ওই ব্যক্তিকে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। সেসময় তিনি জেটস্টার এয়ারলাইনসের একটি ফ্লাইটে চড়ে অস্ট্রেলিয়ার পার্থে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রকাশিত ছবিতে থাই ইমিগ্রেশন কর্মকর্তাদের বিমানবন্দর থেকে ওই ব্যক্তিকে হেফাজতে নিতে দেখা গেছে। পরে তার বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করা হয়।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সংবাদমাধ্যম পাতায়া ২৪ নিউজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছে।
সেখানে দেখা যায়, গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে ওই কিশোরী একটি আবাসিক ভবনে একজন শ্বেতাঙ্গ ব্যক্তির হাত ধরে লিফটের জন্য অপেক্ষা করছে। আরেকটি ফুটেজে ওই ব্যক্তিকে ভবনটি থেকে একটি স্যুটকেস বের করে নিয়ে যেতে দেখা যায়।
আটকের পর পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্যুটকেসটি কোথায় ফেলে দিয়েছিলেন, তা স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, থাইল্যান্ডের পূর্ব উপকূলীয় শহর পাতায়ার ভাসমান বাজারের পেছন থেকে ওই কিশোরীর নগ্ন লাশ ভর্তি স্যুটকেসটি উদ্ধার করা হয়।
পাতায়া পুলিশের দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়, নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত করতে গিয়ে তারা স্যুটকেস থেকে কিশোরীর লাশটি উদ্ধার করেন।