তুরাগ নদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।
শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তুরাগ নদে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।