বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী প্রায় ১০ জনকে হত্যা করেছে উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে চাই বিএনপি কীভাবে সীমান্ত হত্যা বন্ধ করে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার আসার পর সীমান্তে বিএসএফ প্রায় ১০ জনের মতো হত্যা করেছে ও অবৈধ বাংলাদেশি বলে পুশইন করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই বাজেট অধিবেশনে পুশ ইন নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম মাননীয় স্পিকার। আমরা জানি না কোন কারণে এই আলোচনাটা আমাদের করতে দেওয়া হয়নি।’
নাহিদ ইসলাম বলেন, ‘সরকারি দল, বিরোধী দল সমালোচনা, প্রশংসা এতো কথা হলো, আমরা কী এক ঘণ্টা সময় মাননীয় স্পিকার বের করতে পারতাম না পুশইন নিয়ে আলোচনা করার জন্য?’
সীমান্ত হত্যা বন্ধে বিএনপির পদক্ষেপ দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির নামের সাথে জাতীয়তাবাদ শব্দটা আছে। আমরা দেখতে চাই তারা কীভাবে সীমান্ত হত্যা বন্ধ করে, সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করবো।’
অবৈধ পুশইন বন্ধে বিজিবির প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, ‘এই মহান সংসদ থেকে বিজিবিকে আমরা সাধুবাদ জানাই, তারা যেভাবে প্রতিবাদ করছে যেভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের ১৮ কোটি জনগণ বিজিবির সাথে রয়েছে।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নানা বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে ও পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন কথা বলে যাচ্ছেন। এই ঔদ্ধত্যের জবাব বাংলাদেশকে দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে।’