জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষ্যে রোববার (৫ জুলাই) স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
সুজাউদ্দৌলা বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এদিন সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাকটিকিটের উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডেটাকার্ডও প্রকাশ করা হয়েছে।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগ প্রতিবছর বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটাকার্ড প্রকাশ করে। এ উদ্যোগের উদ্দেশ্য দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি দেওয়া এবং দিবসটির গুরুত্ব জনসাধারণের কাছে তুলে ধরা।