বিশ্বকাপ ঘিরে এখন শুধু মাঠের খেলা নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক অদ্ভুত ‘ভবিষ্যদ্বাণীকারী’—জ্যোতিষী বিড়াল মিলু। সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে সঠিক ম্যাচ ফলাফল অনুমান করে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে এই পোষ্য বিড়াল।
তবে শনিবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো মিলুর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হলেও, আলোচনার ঝড় থামেনি। বরং ব্রাজিল-নরওয়ে ম্যাচকে ঘিরে আবারও নতুন করে আলোচনায় এসেছে তার পূর্বাভাস।
মিলুর মতে, রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাবে ব্রাজিল।
এর আগে চলতি বিশ্বকাপে ব্রাজিলের বেশ কয়েকটি ম্যাচের ফল নিয়ে মিলুর পূর্বাভাস মিলেছিল বলেও দাবি করছেন সমর্থকরা। ফলে অনেকেই এখন এই ‘ভবিষ্যদ্বাণী’কে গুরুত্ব দিয়ে দেখছেন।
একজন সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়লেও আমি মিলুর ওপর বিশ্বাস রেখেছিলাম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। এবারও তার ভবিষ্যদ্বাণী মিলবে বলে আশা করছি।’
মিলুর মালিক নাতান পিনহেইরো জানিয়েছেন, ভবিষ্যদ্বাণীর জন্য তিনি একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করেন। ম্যাচের আগে দুটি একই ধরনের বাটিতে খাবার রাখা হয়, প্রতিটির পেছনে দুই দলের পতাকা লাগানো থাকে। এরপর বিড়ালকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে খাবার খায়, সেই দলকেই সম্ভাব্য জয়ী ধরা হয়।
তবে এই পদ্ধতি নিয়ে সমালোচনাও কম নয়। অনেকের অভিযোগ, বিড়ালটিকে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট বাটির দিকে নিয়ে যাওয়া হয়। যদিও নাতান এসব অভিযোগ অস্বীকার করে পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, এখানে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই।
শনিবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবার ভুল হলেও, ব্রাজিল-নরওয়ে ম্যাচে মিলুর নতুন ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, এখন সেটাই দেখার বিষয়। যদি আবারও মিলুর অনুমান মিলে যায়, তবে শুধু ব্রাজিল নয়—‘জ্যোতিষী’ বিড়াল মিলুর জনপ্রিয়তাও পৌঁছে যাবে নতুন উচ্চতায়।