প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবর থেকেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।
এসময় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তিনি বলেন, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার ব্যাপারে জনগণের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে খাদ্য চাষ এবং সংরক্ষণ পর্যায়ে খাদ্যপণ্যে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেশের খাদ্য ব্যবসায়ীদের ডাটা সংগ্রহ করে একটি তথ্য ভান্ডার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করার পাশাপাশি, অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মজুতের নির্ধারিত মান থেকে ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত আছে।
ডা. জাহেদ উর রহমান জানান, ৫ আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। এদিকে, শিশুদের মননের বিকাশের দিকে লক্ষ্য রেখে স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রকল্প করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই নিয়ে কটূক্তি করা, মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক। তবে আইনি কাঠামো অনুযায়ী এটি অপরাধের পর্যায়ে পড়ে না। এসব মন্তব্য ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা হবে কিনা সেই আলোচনা চলতে পারে।
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলার বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি দুঃখজনক। ঘটনাটি সরকার খতিয়ে দেখছে। দোষীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে এনসিপির আহ্বায়কের বক্তব্য অনেকটাই রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি।
কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যারা ভারতে বসে নানা কর্মকাণ্ড চালাচ্ছেন দেশের বিরুদ্ধে, তাদের কারও সাজা হয়েছে। অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করার কথা। তবে, তাদের কিছু করার মতো সক্ষমতা আছে বলে মনে করি না।