রাজধানীর এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) আগুন লাগার ঘটনা ঘটেছে। এ কারণে শনিবার (১১ জুলাই) দুপুর থেকে তেজগাঁও-বাংলামোটরসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জানা গেছে, দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত ওই সাবস্টেশনটিতে আগুন লাগে। পরে খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সূত্র জানিয়েছে, সাবস্টেশনে আগুন লাগার কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ এর আশপাশের এলাকায় দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কিছু এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
এ বিষয়ে ডিপিডিসির এক পরিচালক জানান, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।