টানা কয়েক দিনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে মাঠে কাজ করছে বাহিনীটি।
রোববার (১২ জুলাই) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় দুর্যোগ মোকাবিলায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানিয়েছে, এসব জেলার মোট ৯০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, মানবিক সহায়তা, ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
বাহিনীটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বান্দরবানে ইতোমধ্যে বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে পড়ে থাকা গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি। অন্যদিকে কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিল সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাহিনীটি।
বিজিবি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।