পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই এবং তিনি দেশে ফিরলেই আইন অনুযায়ী গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত যেসব আসামির বিরুদ্ধে বিচার চলছে বা বিচার সম্পন্ন হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশ সরকারের পাঠানো চিঠি ও আনুষ্ঠানিক অনুরোধে ভারত ইতিবাচক সাড়া দেবে এবং কূটনৈতিক প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি দুই দেশের সামগ্রিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বলে তিনি মনে করেন না। তার ভাষায়, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সংলাপ অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে নিয়মিত মতবিনিময় ও সংলাপ চলবে। আপনারা দেখেছেন, বিমসটেকের বৈঠকে আমাদের উপদেষ্টা অংশগ্রহণ করেছেন। এসব কূটনৈতিক কার্যক্রম চলমান থাকবে। তবে বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এবং দেশের ইতিহাসের জন্য বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং যেসব পরিবার স্বজন হারিয়েছে, তাদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। তারা দেখতে চান, যারা এসব ঘটনার জন্য দায়ী, তাদের বিচার হচ্ছে। সরকার আন্তরিকভাবে সেই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে এবং আমরা চাই যত দ্রুত সম্ভব তা সম্পন্ন হোক।’
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। বর্তমানে দেশে তাকে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি আরও জোরালো হয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।