স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ (Scam Center Compounds and Transnational Organized Crime) বিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (১৯ জুলাই) বিকেলে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
পুলিশ সদর দপ্তর জানায়, আগামী ২০ ও ২১ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং সমন্বিত যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নেবেন।
সফরকালে বাংলাদেশ পুলিশের প্রধান রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন বলেও জানানো হয়েছে।
সম্মেলন শেষে আইজিপি আগামী ২২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।