ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. সাইদুর রহমান। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়। সোমবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি, প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সাইদুর রহমান দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাকে কর্মরত। তিনি ২০২৩-২৪ সেশনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৩-০৪ ব্যাচের শিক্ষার্থী সাইদুর। ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সাতক্ষীরার কলারোয়ার ছেলে সাইদুর বর্তমানে দৈনিক ইত্তেফাকের ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিট চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।