দেশের সংকটাপন্ন বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ, বন্যপ্রাণীর সুরক্ষা ও বন্যপ্রাণী বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রিপরিষদের সভায় ১০ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিশনের প্রধান হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। সদস্যসচিব হিসেবে কাজ করবেন বন অধিদপ্তরের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক। বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিশাখা–২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, দুবাই সাফারি পার্কের সাবেক প্রিন্সিপাল বন্যপ্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আশরাফুল হক নোবেল ও প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান ও বন অধিদপ্তরের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন।
প্রজ্ঞাপনে কমিশনের কার্যপরিধির বর্ণনা দিয়ে বলা হয়, এ কমিশন হাতিসহ অন্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণের উন্নয়ন, ব্যবস্থাপনা ও সুরক্ষার লক্ষ্যে অবৈধভাবে দখলকৃত বন বিভাগের জমি পুনরুদ্ধারের বিষয়সহ সার্বিক বিষয়ে পরামর্শ দেবে।
এর বাইরে সুন্দরবনের বাঘের সংখ্যা বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বন্য প্রাণীর খাদ্য নিশ্চিতে ফলদ গাছ রোপণের পরিকল্পনাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণে পরামর্শ প্রদান, হাতিসহ অন্যান্য বন্য প্রাণীর সঙ্গে মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিতে সচেতনতা তৈরির লক্ষ্যে কমিশন কাজ করবে।