বড় ধরনের আমলাতান্ত্রিক রদবদলের অংশ হিসেবে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে নতুন দুই সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) পরিচালিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগকে ঘিরে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ব্যাপক বিতর্কের মুখে পড়ে।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বর্তমান প্রাণিসম্পদ সচিব নরেশ পাল গাঙ্গওয়ারকে নতুন উচ্চশিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পাশাপাশি গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব করা হয়।
নরেশ পাল গাঙ্গওয়ার ১৯৯৪ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস কর্মকর্তা। অন্যদিকে টি কে অনিল কুমার ১৯৯৫ ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইএএস কর্মকর্তা।
বিনীত যোশি উচ্চশিক্ষা সচিবের পাশাপাশি স্কুল শিক্ষা সচিবের দায়িত্বও পালন করছিলেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) মহাপরিচালক এবং সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন বিনীত যোশি।
পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বিভাগ (ডিওপিটি) থেকে জারি করা আদেশ অনুসারে, বিনীত যোশি বর্তমান পঞ্চায়েতি রাজ সচিব বিবেক ভরদ্বাজের স্থলাভিষিক্ত হবেন, যিনি চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন।