রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইস্যুতে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির কথা বিশ্বাস করা যাবে না। আমি গুজবে বিশ্বাস করি না।’
মির্জা ফখরুল বলেন, ‘অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার।’ এ সময় সবগুলো নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে সবগুলো পূরণ করবে বিএনপি সরকার।’
তিনি বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার চ্যালেঞ্জ মোকাবিলায় ফাইট করছে।’
আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে গণতন্ত্র চর্চা ও লালনের মধ্যে দিয়ে দেশে গণতান্ত্রিকধারা যারি রাখতে চায় সরকার বলেও মন্তব্য করেন তিনি।