থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, স্পিকার ১৯ জুলাই এক সংক্ষিপ্ত সরকারি সফরে ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছিলেন। সফর শেষ করে তিনি দেশে ফিরেছেন।
এর আগে, বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে রাষ্ট্রপতির মুখপাত্র জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার মেয়াদের মাঝপথেই শুক্রবার পদত্যাগ করবেন।
রয়টার্সকে রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম জানান, সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে স্বাক্ষর করা পদত্যাগপত্র জমা দেওয়ার পরই রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হবে। স্পিকার শুক্রবার থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেবেন।
মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার অন্তর্বর্তী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।