ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধি দল দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় অল্প কিছুক্ষণের মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, আজ শুক্রবার দুপুর ১টার দিকে যন্তর মন্তর থেকে কনস্টিটিউশন ক্লাবের উদ্দেশে রওনা হন সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা।
কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সেখানে তাদের বৈঠকে বসার কথা রয়েছে। একটি পুলিশ ভ্যানে চড়ে কনস্টিটিউশন ক্লাবে যান সৌরভ ও আশুতোষ।
সরকারের সঙ্গে যেকোনো আলোচনা ‘নিরপেক্ষ স্থানে’ হতে হবে, সিজেপির এমন দাবির পরই এই স্থান নির্ধারণ করা হয়।
যন্তর মন্তরে ফিরলেন অভিজিৎ দিপকে
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, রাতভর তীব্র জ্বরে ভুগে স্যালাইন ও ইনজেকশন নেওয়ার পর তিনি আবারও আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর মন্তরে ফিরছেন।
এ সময় তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন। অসুস্থ বোধ করায় গতকাল অভিজিৎকে বিক্ষোভস্থল ত্যাগ করতে হয়।
পোস্টে অভিজিৎ লেখেন, ‘পুরো এক রাত স্যালাইন, ইনজেকশন আর রক্ত পরীক্ষার ধকল সামলে আবারও যন্তর মন্তরের দিকে যাচ্ছি। জ্বরের কারণে শারীরিকভাবে এখনো দুর্বল লাগছে। তবে সংগ্রাম চালিয়ে যেতেই হবে।
‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।’