বাংলাদেশে কাতারের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে কাতারের আমিরের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রীর ওই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (Treaty of Amity and Cooperation) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান কাতারের আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয় এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও কাতারের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বিনিয়োগ সহযোগিতা জোরদারে উভয় দেশ আগ্রহ প্রকাশ করেছে।