সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এতে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারবেন।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে, সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন—দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম এবং দৈনিক মানবকণ্ঠর সম্পাদক শহিদুল ইসলাম।