আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। এদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে বৈঠকের আহ্বান করেছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা করেই ভোট গ্রহণের জন্য সংসদকক্ষে বৈঠক আহ্বান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ২০ আগস্ট বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে জাতীয় সংসদের ৩৪৯ সদস্যের। নির্ধারিত সময়ের মধ্যে তারা সংসদকক্ষেই ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম চূড়ান্ত করেনি।