বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ৫টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। গত সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে নিশ্চিত করতে হবে। অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
এর আগে, গত ৩ আগস্ট সচিবালয়ে সৌরবিদ্যুৎ নিয়ে অনুষ্ঠিত এক সভায় গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলা এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
ওই সভায় দেশে সৌর ইনভার্টার উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।