আগামীকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এড়াতে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে পুলিশের বিশেষ তৎপরতাও বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিতে রাজধানীজুড়ে বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে প্রস্তুত ও সুইপিং কার্যক্রমে নিয়োজিত রাখা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, সাধারণ মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিং মলসহ সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করবেন। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।
ডিএমপি জানায়, নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির আওতায় থাকবে। পাশাপাশি ডিবি, সিটিটিসি, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন। সার্বিক নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মাঠে মোতায়েন থাকবে।
সম্প্রতি রাজধানীর ভাটারা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি সমাবেশের প্রস্তুতির অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এছাড়া শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মিছিল ও পথসভা করার ঘটনা গোয়েন্দাদের নজরে এসেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে ১৫ আগস্টকে ঘিরে রাজধানীসহ সারাদেশে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। ১৫ আগস্টের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে এই অভিযান আরও জোরালো করা হচ্ছে।