মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে জরিমানা ছাড়া সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।
সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে না পারা ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পাবেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।
সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে এ সুযোগ কাজে নিয়ে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।