সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগস্ট মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। ফলে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ১৩ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) নতুন দাম ঘোষণা করে বিইআরসি। আজ সন্ধ্যা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, সেপ্টেম্বর মাসে বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে প্রতি কেজির দাম ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে তা ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়। তবে জুন মাসে সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা, যা জুলাইয়ে এক দফায় ৩৫৭ টাকা কমানো হয়েছিল।
এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।
এ ছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।