নির্বাচনের প্রশিক্ষণ এবং বিশ্রামের কারণে মাঠে থাকা সেনা সদস্যদের অর্ধেককে সরিয়ে নেওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোতায়েন করা সেনাবাহিনীর ৫০ শতাংশ তুলে নেওয়া হবে, এটি সত্য নয়, গুজব।
এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। বৈঠকে উপস্থিত সরকারের দুজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য প্রচার হয়। তবে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন খবরকে গুজব বলে উড়িয়ে দেন।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে ১৭ সেপ্টেম্বর সশস্ত্রবাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।