জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হচ্ছে। এই রায়কে কেন্দ্র করে রাজধানীতে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, ঢাকাবাসীর নিরাপত্তায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঢাকার বিভিন্ন মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে। গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সকাল থেকে রাজধানীর বাংলামোটর, কাওরানবাজার, ফার্মগেট, মগবাজার, মৌচাকসহ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
এদিকে এসব এলাকায় গণপরিবহন অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম মনে হয়েছে। রাস্তায় মানুষের উপস্থিতিও কম। তবে অটোরিকশা, মোটরসাইকেলের উপস্থিতি অন্যান্য দিনের মতোই দেখা গেছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, রায় ঘোষণার এই দিনটিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ (সোমবার) সকাল থেকে ঢাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।