ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ম্যাজিস্টেট বাড়ানোর পাশাপাশি পুলিশেরও ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছে পুলিশ সুপাররা (এসপি) । ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের সম্মেলনে অংশ নিয়ে সুষ্ঠু ভোটের জন্য বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে তাদের এই দাবির কথা বলেন এসপিরা।
এসপিরা জানান, আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি। আমাদের যানবাহনের সংকট রয়েছে। জনবল সংকটও রয়েছে। একই দিনে দুইটি নির্বাচন বড় একটা চ্যালেঞ্জ হবে। নির্বাচনের সময় অসুস্থ ও প্রতিবন্ধী লোক ভোট দিতে গেলে পুলিশকে সহযোগিতা করতে বলা হয়। এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখার জন্য সুপারিশ করেছেন তারা।
পুলিশ সুপাররা আরও জানান, বিগত নির্বাচনগুলোতে পুলিশের যে বাজেটে বৈষম্য ছিল। এই নির্বাচনে বাজেট বাড়ানো প্রয়োজন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ানোর জন্য সুপারিশ করছি। পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ারেরও দাবি করেন তারা।
জেলা প্রশাসকরা জানান, মাঠ পর্যায়ে এখনো যে বৈধ অস্ত্র রয়েছে, দ্রুত সেগুলো রিকভারি করতে আপনাদের (এসপি) সহযোগিতা চাই। দূর অঞ্চলে যাতায়াতের জন্য হেলিকপ্টার দেওয়ার সুপারিশ করা হয়েছে। এআই ও অপতথ্য প্রচার রোধ করা আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আইনের বাইরে একটি কাজও করতে রাজি নই। আমাদের যেসব উপজেলায় গাড়ি পুড়ে গেছে সেসব উপজেলায় গাড়ি প্রয়োজন। এ ছাড়াও গণভোটের প্রচারের জন্য সময় বাড়ানো দরকার। সীমান্ত জেলাগুলোতেও নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।