সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকাস্থ জাতিসংঘের অফিস এক বার্তায় এই শোক প্রকাশ করে।
শোকবার্তায় বলা হয়েছে, এই দুঃখজনক মুহূর্তে তারা সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এছাড়া বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী আজ (মঙ্গলবার) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। ‘দেশনেত্রী’ , ‘আপসহীন’ উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া আজ (মঙ্গলবার) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।