ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বাংলাদেশ সোমবার (৫ জানুয়ারি) উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপের ওপরও গুরুত্বারোপ করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এদিন বলেছে, ‘বাংলাদেশ ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ বিশ্বাস করে, দেশগুলোর মধ্যে সব ধরনের বিরোধ কূটনীতি ও সংলাপের মাধ্যমে সমাধান হওয়া এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’
এর আগে গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে হামলার নির্দেশ দিয়েছেন। তবে হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
হামলার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন, মার্কিন বাহিনী ‘ভেনেজুয়েলা ও এর নেতার বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে হামলা’ চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, আপাতত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন সহযোগিতা না করলে আবার হামলা চালানো হবে।