কিংবদন্তি কন্ঠশিল্পী সুবীর নন্দী মারা গেছেন অর্ধযুগেরও বেশি সময় হয়ে গেছে। কিন্তু এখনও কিছু গান আনরিলিজ রয়ে গেছে তার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেকের সুর-সঙ্গীতে ১১ টি গানে কন্ঠ দিয়ে গেছেন সুবীর নন্দী। সেখান থেকেই ধারাবাহিকভাবে শিল্পীর কন্ঠের গানগুলো মুক্তি দেয়া হচ্ছে। এরই মধ্যে এই সিরিজের বেশ কটি গান মুক্তি দেয়া হয়েছে।
সুবীর নন্দীর কন্ঠে এবারের গানটি লিখেছেন জাহিদ আকবর। গানের শিরোনাম ‘আমার আয়ু নিয়ে বাঁচো’। স্যাড রোমান্টিক ধাঁচের এই গানটি মুক্তি পাচ্ছে ‘সাউন্ডস অব তানভীর’ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। একই সাথে গানটি অ্যাপল মিউজিক, স্পটিফাই সহ অর্ধশত আন্তর্জাতিক প্লাটফর্মে মুক্তি দেয়া হবে।
গানটি প্রসঙ্গে সুরকার ও সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন,‘সুবীর দা’র সাথে এই গানগুলোর প্রজেক্ট আমার জীবনের অমূল্য স্মৃতির মতো। গানগুলো আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। প্রতিটি গানেই একুস্ট্যিক ইন্সট্রুমেন্টের ব্যবহার করা হয়েছে। যেমন ‘আমার আয়ু নিয়ে বাঁচো’ এই গানটিতে সেতার বাজিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত বাদক রাহুল মুখোপাধ্যায়। গানটির কথাগুলো অসাধারণ। আজ সুবীরদার কন্ঠ নিয়ে তো বলার কিছু নেই। আমি মনে করি রিলস/টিকটকের এই যুগে এখনও কিছু শ্রোতা রয়েছেন যারা মেলোডিতে মগ্ন থাকতে চান। এই গানটা তাদের জন্য।’
গীতিকবি জাহিদ আকবর বলেন,‘তানভীরের সুরে কাজ করতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। এই গানটি যে সুবীর দা’র কন্ঠে ধারণ করা হয়েছে তা আমার জানাও ছিলো না। আমি ভেবেছি গানটি পরে আর রেকর্ড হয়নি। কিন্তু এতদিন পর সুবীর দা’র কন্ঠে আমার এই গানটি শুনতে পেরে সত্যিই মুগ্ধ হলাম। আমি মনে করি শ্রোতারাও একইভাবে এই গানের মুগ্ধতা নিতে চাইবে বারবার।’
গানটির একটি লিরিক ভিডিও অবমুক্ত করা হবে প্রথমে। পরবর্তীতে আলাদা দৃশ্যধারণ করে একটি থিমনির্ভর মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে।
গানটি ঢাকার কোলাহল স্টুডিও, কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে ধারণ ও এর মিক্স মাস্টারিংয়ের কাজ করা হয়েছে লাসভেগাসের টিএফপি স্টুডিওতে।