স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের রাজনৈতিক জ্ঞানের ঘাটতি আছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেন, তাদের রাজনৈতিক জ্ঞান ও ইতিহাস সম্পর্কে ধারণার ঘাটতি রয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল।’
জামায়াত সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সেটি তাদের দলের নেতারাই মূল্যায়ন করবেন। এ বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।